শ্যামনগরে স্কুল ফাঁকি দিয়ে শিশু শিক্ষার্থীদের মাদক সেবনের অভিযোগ
শ্যামনগর উপজেলার জেলেখালী বাজারে স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন কিশোরের মাদক সেবনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ত্রিপানি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৩ বছর বয়সী কয়েকজন শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে না গিয়ে জেলেখালী বাজারের একটি চায়ের দোকানে বসে নেশাজাতীয় দ্রব্য সেবন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধূমঘাট, জেলেখালী ও কচুখালী এলাকার কয়েকজন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে স্কুল ফাঁকি দিয়ে ওই এলাকায় আড্ডা দেয়। তাদের বিরুদ্ধে ড্যান্ডি ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় বড়ি সেবনের অভিযোগ রয়েছে। সম্প্রতি তাদের নেশা করার একটি ভিডিও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।

স্থানীয় কয়েকজন জানান, বিষয়টি নিয়ে এর আগে কয়েকবার তাদের শাসন করা হলেও কোনো পরিবর্তন হয়নি। বরং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানালে উল্টো বিরোধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।
এ অবস্থায় স্থানীয়রা শিশুদের ভবিষ্যৎ বিবেচনায় বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ওই এলাকায় কিশোরদের কাছে নেশাজাতীয় দ্রব্যের সরবরাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

