শ্যামনগর উপজেলা সদরে ভয়াবহ যানজট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার সদর এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা সড়কে দীর্ঘদিন ধরে ভয়াবহ যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে এ সমস্যা নিরসনে পৌর প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, শ্যামনগর পৌরসভার সদর এলাকার চৌরাস্তা মোড় থেকে পশু হাসপাতাল পর্যন্ত সড়কজুড়ে ইজিবাইক, মোটরভ্যান, ইঞ্জিনচালিত ভ্যান, মোটরসাইকেল, সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহনের অবাধ চলাচল ও পার্কিংয়ের কারণে প্রায় সারাদিনই যানজট লেগে থাকে। ফলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।

Left

এ সড়কের পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পশু হাসপাতাল, বিভিন্ন সরকারি দপ্তর, একটি কিন্ডারগার্টেন, ছয়টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল এবং জেলা পরিষদের ৬৪টি দোকান অবস্থিত। জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও সড়কটি প্রয়োজনের তুলনায় অনেক সংকীর্ণ হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ, আবুল কাসেমসহ স্থানীয় অনেকেই জানান, জরুরি রোগী নিয়ে চলাচলকারী অ্যাম্বুলেন্সগুলোকে প্রায়ই যানজটে আটকে থাকতে হয়, যা যেকোনো সময় প্রাণহানির কারণ হতে পারে। এছাড়া ছোট ছোট শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ব্যবসায়ীরা নিজ নিজ দোকানের সামনে এলোমেলোভাবে মালামাল সাজিয়ে রাখায় সড়কের চলাচলের জায়গা আরও সংকুচিত হচ্ছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

এ বিষয়ে শ্যামনগর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন বলেন, “যানজটের বিষয়টি সত্য। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ