ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি, চার বিভাগের বিভিন্ন স্থানে অতিভারী বর্ষণের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৬ আগস্ট) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উল্লিখিত চার বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার বা তার বেশি অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এতে আরও বলা হয়েছে, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানানো হয়েছে।

