শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন বিল ও খালে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ধূমঘাট শিলতলা বিল, মঠেরচক বিল ও ওই এলাকার খালে এ অভিযান পরিচালনা করা হয়।

Left

শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবুর রহমান, বিশ্বজিৎ মণ্ডল ও সুকুমার।

অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ, গ্রীন কোয়ালিশনের সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সদস্য এবং স্থানীয় গ্রামবাসী সহযোগিতা করেন।

অভিযান শেষে ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জব্দকৃত ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান বলেন, “চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন, পোনা মাছ এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শ্যামনগরের সব এলাকায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঈশ্বরীপুরের বাসিন্দা মিতা রানী বলেন, “আমাদের এলাকায় এই উদ্যোগটি খুবই প্রয়োজন ছিল। প্রজনন মৌসুমে জলদানবখ্যাত চায়না দুয়ারি জাল অপসারণ করায় আমরা অত্যন্ত খুশি। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে খাল-বিলে দেশীয় মাছের সংখ্যা আবারও বৃদ্ধি পাবে বলে আশা করছি।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারের কারণে খাল-বিলের ছোট-বড় সব ধরনের মাছ, মাছের পোনা এবং অন্যান্য জলজ প্রাণী হুমকির মুখে পড়েছে। উপজেলা মৎস্য অফিসের ধারাবাহিক এ ধরনের অভিযান দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ