জোট ছাড়া, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন
১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। এ সময় মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় ২৬৮ আসনে বৈধ প্রার্থী মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন না। এছাড়া বাকি ৩২ আসনে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন। তবে নির্বাচনে কোন দলকে সমর্থন জানানো হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, ২৪ শের অভ্যুত্থানের পর দেশটাকে যাতে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে পীর সাহেব চরমোনাই ইসলামপন্থী শক্তির জন্য আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ‘একটি ভোট একটি বাক্স’ বা ‘ওয়ান বক্স পলিসি’ ঘোষণা করেছিলেন।সেই ওয়ান বক্স পলিসির যুগান্তকারী ডাকে সাড়া দিয়ে অনেকেই হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল, মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল। সেটার মূলে ছিল ইসলামী শক্তির ওয়ান বক্স। ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলামপন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এজন্য আমরা ব্যথিত, মর্মাহত। ইসলামী আন্দোলনের মুখপাত্র জানান, আমরা আসলে কারও সহযোগী হতে চাই না। আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। স্বাধীনতা পরবর্তী নির্বাচনে যে কলঙ্ক হয়েছে, সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সমঝোতার নির্বাচন, নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন-এটা আমরা চাই না, মানুষ এটা চায় না। কিন্তু আমরা সেই আশঙ্কা করছি। সেই আশঙ্কা থেকে আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু-নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে-এই আশঙ্কাটাও আমাদের মধ্যে দেখা দিয়েছিল। যার কারণে আমরা আমাদের অবস্থান দেশবাসীকে জানালাম।

