ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন ও সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর প্রধান কার্যালয় মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব সাংবাদিকদের জানান, গত ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার অন্তর্গত মোট ১৬টি উপজেলায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে নির্বাচনকালীন দায়িত্ব পালন শুরু করেছে।

Left

তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিন থেকেই সংশ্লিষ্ট তিন জেলায় বেইজ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রেকি কার্যক্রম, ডমিনেশন পেট্রোল পরিচালনা এবং গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব আরও জানান, বর্তমানে সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম অব্যাহত রয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু’-এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে বিজিবি বদ্ধপরিকর। বিজিবির মহাপরিচালকের নির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুসরণ করে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ব্যাটালিয়নের সকল সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর দৃঢ়ভাবে বিশ্বাস করে—সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ