শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও জমি জবরদখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ ঘটিকায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা তাদের রেকর্ডভুক্ত জমি ও বসতভিটা দখলের চেষ্টা চালানো হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের ভোলানাথ গাইনের পুত্র অরবিন্দু গাইন এবং মলয় কুমার গাইনের মালিকানাধীন জমি ও বসতভিটা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোঃ মুজিবুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে মোস্তফা, আব্দুল্লা গার্জী, ইমান আলী, আইয়ুব আলী, ইউনুস আলী, মোহাতাব উদ্দীনসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে।
এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্যামনগর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক্টরটি জমি থেকে সরিয়ে দেয় এবং চাষাবাদ বন্ধ করে দেয়।
ভুক্তভোগীরা জানান, তারা প্রায় ৫০ বছর ধরে উক্ত জমিতে বসবাস ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। জমিটি মৌজা গোপালপুরের জে.এল নং ২৫, বি.আর.এস খতিয়ানভুক্ত ১৬১, ৮৪, ৬ ও ৮৬ দাগে মোট ৪.৩২ একর জমি বলে তারা দাবি করেন।
তাদের অভিযোগ, মোঃ মুজিবুল হক জাল কাগজপত্র তৈরি করে জমিটি নিজের বলে দাবি করছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। পাশাপাশি প্রকাশ্যে জমি দখলের হুমকিও দিয়ে যাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

