গাবুরায় বিদ্যুৎ সমস্যা নিয়ে গণশুনানি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়নে সাধারণ মানুষের চলমান বিদ্যুৎ সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে উঠান বৈঠক ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টায় গাবুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী সোহরাব অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মুহা. আজিজুর রহমান সরকার, শ্যামনগর জোনের ডিজিএম মো. জিয়াউল হক, এজিএম (এমএস) মো. রিয়াদ কাইয়ুম, পিইউসি মো. মনজুর আলম, শ্যামনগরের পিইসি সাইদুর রহমান, শ্যামনগর এলাকার পরিচালক মো. কুদরত-ই-খোদা (কচি), গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে সাধারণ গ্রাহকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে লো ভোল্টেজ, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা, নতুন মিটার পেতে হয়রানি এবং বিদ্যুৎ সংযোগের নামে প্রতারক চক্রের ফাঁদে পড়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সভায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা গ্রাহকদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং বিদ্যুৎ সেবা আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় জানানো হয়, বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে গাবুরার মানুষকে অযথা শ্যামনগর, সাতক্ষীরা কিংবা খুলনায় দৌড়াদৌড়ি করতে হবে না। স্থানীয়ভাবে স্থাপিত বিদ্যুৎ অফিস/কেন্দ্রে যোগাযোগ করেই প্রয়োজনীয় সেবা ও সমস্যার সমাধান নেওয়ার জন্য গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার নামে প্রতারক চক্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। রশিদ ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য গ্রাহকদের বিশেষভাবে সতর্ক করেন কর্মকর্তারা।
নতুন মিটারের জন্য আবেদন করতে ইচ্ছুক গ্রাহকদের সুবিধার্থে জানানো হয়, গাবুরা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে এসে আবেদন করলে নতুন মিটারের আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় ও গণশুনানির মাধ্যমে ১২ নম্বর গাবুরা ইউনিয়নের বিদ্যুৎ সেবা আরও সহজ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে।
জনগণের বিদ্যুৎ সমস্যা জনগণের দোরগোড়ায় থেকেই সমাধানের উদ্যোগ—এটাই এখন গাবুরাবাসীর প্রত্যাশা।

