ইঞ্জিন বিকল হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিঘ্নিত হয়।

এ ঘটনার পর শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং শমশেরনগর স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। আকস্মিকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ট্রেন লাইন বন্ধ হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে শমশেরনগর স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস আটকা রয়েছে।
এদিকে শ্রীমঙ্গল স্টেশনের প্ল্যাটফর্মে মাইকের মাধ্যমে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রীদের অনলাইনে টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। শ্রীমঙ্গল স্টেশনে অপেক্ষমাণ যাত্রী আবুল হোসেন বলেন, “জয়ন্তিকা ট্রেনে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে এসে বসে আছি। এখন মাইকে জানানো হচ্ছে টিকিট ফেরত নেওয়া যাবে, কিন্তু ট্রেন কখন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। বড় সমস্যায় পড়ে গেছি।”
আরেক যাত্রী রওশনারা খাতুন বলেন, “দুপুর থেকে পরিবারের সঙ্গে স্টেশনে বসে আছি। চট্টগ্রামগামী ট্রেন নষ্ট হয়ে গেছে, কখন ঠিক হবে কেউ বলতে পারছে না। খুবই ভোগান্তিতে আছি।”
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানান, শ্রীমঙ্গল থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি ইঞ্জিন উদ্ধার কাজের জন্য কমলগঞ্জে পাঠানো হয়েছে। লাইন সচল হলে ধাপে ধাপে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

