বিলাইছড়ির দুর্গম বড়থলির কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির ২৯৯ নং আসনের বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নিরাপদে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান বিষয়টি নিশ্চিত করে জানান, বড়থলি ইউনিয়নের রাইমংছড়া ভোটকেন্দ্রে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও জানান, বিলাইছড়ি উপজেলায় মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম ৫টি কেন্দ্রে জনবল ও ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম আনা–নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হওয়ায় ওই পাঁচটি কেন্দ্রেই হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম এসব কেন্দ্রে সরাসরি পৌঁছানোর মতো কোনো সড়ক বা নৌপথ নেই। ফলে ভোটের কয়েক দিন আগেই নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম হেলিকপ্টারে করে কেন্দ্রে পাঠানো হবে। ভোটগ্রহণ ও গণনা শেষে তাদের পুনরায় উপজেলা হয়ে জেলা সদরে ফেরত আনা হবে। এ কাজে সেনাবাহিনী ও বিমানবাহিনী সহযোগিতা করছে।
হেলিকপ্টার ব্যবহৃত কেন্দ্রগুলো হলো—
ফারুয়া ইউনিয়ন: ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
বড়থলি ইউনিয়ন: প্রাংজংপাড়া, বড়থলি ও রাইমংছড়া ভোটকেন্দ্র।
এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ছালেহ আহমদ ভুইঁয়া জানান, বিলাইছড়ি উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৩টি এবং মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৬৮ জন ও নারী ভোটার ১১ হাজার ৯৪৭ জন।
ইউনিয়নভিত্তিক ভোটার সংখ্যা হলো— বড়থলি ইউনিয়নে ২ হাজার ৩৩৪ জন, কেংড়াছড়িতে ৫ হাজার ৫৭২ জন, বিলাইছড়িতে ৭ হাজার ২৪৭ জন এবং ফারুয়া ইউনিয়নে ৯ হাজার ৩৬২ জন।

