শ্যামনগরে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত্র ২টার দিকে কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালী এলাকায় একটি চিংড়ি ঘেরের মাটির নিচে পুঁতে রাখা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে আনুমানিক সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ১২টি এয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা পালিয়ে সুন্দরবনের দিকে চলে যায়।
রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি নীলডুমুরের অতিরিক্ত পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিএন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

