শ্যামনগরে তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য: সংবাদ প্রকাশে দুই সাংবাদিক লাঞ্ছিত, হুমকি
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লুটে নেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের জেরে দুই সাংবাদিককে প্রকাশ্যে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সকালে বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার দুই সাংবাদিক হলেন— নুরুন্নবী ও মনির হোসেন। অভিযোগ উঠেছে, স্থানীয় তেল ডিলার ও সিন্ডিকেট ব্যবসায়ী নাজমুলের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলা ও শারীরিক হামলার হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চললেও ভেটখালী বাজারে একটি সিন্ডিকেট পেট্রোল, ডিজেল ও অকটেন নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ৬০-৭০ টাকা বেশি দামে বিক্রি করছে।
সম্প্রতি সাংবাদিক নুরুন্নবী ও মনির হোসেন তাদের নিজস্ব ফেসবুক আইডি ও বিভিন্ন গণমাধ্যমে এই অনিয়ম, কৃত্রিম সংকট ও জনদুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা এ হামলার ঘটনা ঘটায় বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা জানান, সিন্ডিকেটের কারণে খুচরা বিক্রেতাদের বাধ্য হয়ে বেশি দামে তেল কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। এক ভুক্তভোগী বলেন, “সাংবাদিকরা যদি সত্য প্রকাশ করতে গিয়ে লাঞ্ছিত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে। সাংবাদিক নেতারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি প্রদান মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি।
এদিকে, শ্যামনগর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষ ও সাংবাদিক সমাজ কয়েকটি দাবি জানিয়েছেন—
-
অভিযুক্ত নাজমুলকে দ্রুত গ্রেপ্তার
-
তেল সিন্ডিকেটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
-
অবৈধ মজুদদারদের ডিলারশিপ বাতিল ও জরিমানা
শ্যামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

