শ্যামনগরে তাজা ককটেল উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি তাজা ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমাটি উদ্ধার করা হয়।
থানাসূত্রে জানা যায়, মধ্যরাতে বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় ৭/৮টি মোটরসাইকেলে করে ১২/১৫ জনের একটি দল বাংলাদেশ আওয়ামীলীগ এর পক্ষে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে। এ সময় তারা বিএনপি দলের নেতা-কর্মীদের খুঁজতে থাকে। একপর্যায়ে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে একটি তাজা ককটেল সাদৃশ্য বোমা, একটি ব্যানার ও কয়েকটি লাঠি উদ্ধার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

