শ্যামনগরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শিক্ষার্থীবান্ধব রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কলেজ ছাত্রদল।
বুধবার (৬ মে) সকাল ১০টা কলেজের প্রধান ফটক থেকে কর্মসূচির সূচনা করা হয়। পরে পুরো ক্যাম্পাসজুড়ে এ অভিযান চালানো হয়।

সরেজমিনে দেখা যায়, সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা ঝাড়ু, বস্তা ও বিভিন্ন পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে কলেজের প্রধান ফটক সংলগ্ন সড়ক, শ্রেণীকক্ষ, লাইব্রেরি, খেলার মাঠ এবং প্রশাসনিক ভবনের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য অপসারণ করে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আরিফুজ্জামান উজ্জল, ফরিদ উদ্দিন, ইয়াসিন আরাফাত রোহান, ফিরদাউস হোসেন, মুত্তাকিম বিল্লাহ, তামিম হোসেন, সামিউল ইসলাম সামি, ইরান, মিজানুর রহমান, নাজমুল, সিহাব, অর্পণ, সাদিত, রোহান, আব্দুল্লাহ, সুদীপ্ত ও রিপনসহ অনেকে।
উদ্যোগটি সম্পর্কে কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, “সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষাগ্রহণ করা শিক্ষার্থীদের অধিকার। ক্যাম্পাস পরিষ্কার রাখা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা।

