বাজেটে মোটরসাইকেলে কর আরোপের প্রস্তাব, সিসি ভেদে বছরে যত টাকা
বাংলাদেশে প্রথমবারের মতো মোটর সাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসি ভেদে মোটর সাইকেলে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। এ ছাড়াও এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় ১ হাজার থেকে ৫ হাজার টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বর্তমানে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক ও পিকআপের মতো যানবাহনের ক্ষেত্রে অগ্রিম আয়কর নেওয়া হচ্ছে। প্রথমবারের মতো মোটর সাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার বাজেট সংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। সূত্র জানায়, ১১০ সিসি পর্যন্ত মোটর সাইকেলের ক্ষেত্রে আয়কর দিতে হবে না। তবে ১১১-১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে ২ হাজার টাকা আয়কর দিতে হবে। এ ছাড়া ১২৬-১৬৫ সিসির ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে দিতে হবে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সবশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটর সাইকেলের সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০। তবে সংস্থাটির কাছে সিসিভিত্তিক নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই।


