সুন্দরবনে ডাকাতের গুলিতে জেলে আহত
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে ডাকাতের গুলিতে আতিয়ার রহমান (৬০) নামে এক কাঁকড়া জেলে গুরত্বর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এসময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) ফজলুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, আনুমানিক বেলা ১২ টার সময়, গুলি বৃদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসলে তাতক্ষনিক আমরা আহত জেলেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানের ব্যবস্থা গ্রহণ করি, এবং শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোষ্টগার্ডকে বিষয় টি জানানো হয়েছে।


