কালিগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামের একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকার (৩২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সঞ্জিব সরকার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মাছ চাষের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাবা-ছেলে তাঁদের মাছের ঘেরে কাজ করতে যান। রাত প্রায় ১০টার দিকে গোপাল চন্দ্র সরকার বাড়িতে ফিরে এলেও সঞ্জিব আর বাড়ি ফেরেননি। রাতভর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
বুধবার সকালে পরিবারের সদস্যরা মাছের ঘেরে গিয়ে পানি নিষ্কাশনের ড্রেনের পাশে সঞ্জিবের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি কালিগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কালিগঞ্জ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা বা হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

