শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা নিয়ে পাবলিক হেয়ারিং
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি সেবার প্রাপ্যতা, সহজপ্রাপ্যতা, মান ও জবাবদিহি আরও শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ডিজঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)-এর পিএসিই প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এ পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, প্রশাসনিক কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল, ইউনিয়ন পরিষদের সদস্যরা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (OPD) নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ডিআরআরএ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর দেবেশ দাস এবং পিএসিই প্রকল্পের ফিল্ড অর্গানাইজার লিপিকা মন্ডলসহ সংশ্লিষ্টরা।
পাবলিক হেয়ারিংয়ে কমিউনিটি স্কোরকার্ডের ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন ডিআরআরএ-এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর দেবেশ দাস। পরে উন্মুক্ত আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি বিভিন্ন সেবা নিয়ে নানা প্রশ্ন ও সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিস্তারিত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবাগুলোকে আরও সহজপ্রাপ্য, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরআরএ-এর প্রকল্প সমন্বয়কারী জি এম নূরুন্নবী হাসান।

