সুন্দরবনে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর’ আটক
সাতক্ষীরাসহ উপকূলীয় সুন্দরবন এলাকায় পরিচালিত “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের দমনে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালায়।
অভিযানে কুখ্যাত ডাকাত মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটক মেজ জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

