শ্যামনগরে কর্মসংস্থানের জন্য আট অসচ্ছল ব্যক্তিকে ভ্যান বিতরণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে আটজন অসচ্ছল ও কর্মসংস্থান প্রত্যাশী মানুষের মধ্যে ভ্যান বিতরণ করা হয়েছে। ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এলজি বাংলাদেশের উদ্যোগে এসব ভ্যান বিতরণ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২৪ নম্বর মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ভ্যান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর (বাংলাদেশ ব্রাঞ্চ)-এর হেড অব মার্কেটিং বেনজির রাকিবুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্স) রেহানউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফয়সাল আলম।
আয়োজকেরা জানান, উপকূলীয় এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভ্যান ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয় করতে পারবেন এবং তাঁদের পরিবারের আর্থিক চাহিদা পূরণে ভূমিকা রাখতে সক্ষম হবেন।
বাস্তবায়নকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ উপকূলীয় মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তাঁদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার পথকে আরও সহজ করবে।
প্রসঙ্গত, এলজি অ্যাম্বাসেডর-২০২৬ হিসেবে শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন মনোনীত হয়েছেন। তাঁর উদ্যোগের অংশ হিসেবে ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

