শ্যামনগরে পুলিশের ওপর হামলা, পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই, দুই পুলিশ আহত, আটক এক

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করে থানায় ফেরার পথে স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে ৩০-৩৫ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় শ্যামনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বদরুজ্জামান ও কনস্টেবল কামরুজ্জামান গুরুতর আহত হন।

Left

আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ৩৪ নম্বর মামলা করেছেন। মামলায় আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিপন নামে এক ব্যক্তিকে আটক করে সাতক্ষীরা আদালতে পাঠিয়েছে।

শ্যামনগর থানার ওসি মো. শফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের পরোয়ানাভুক্ত আসামি শাহিনুর রহমান, মাইনুর রহমান ও মহিদুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় হামলার ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্যের নেতৃত্বে সংঘবদ্ধ লোকজন পুলিশের কাছ থেকে আটক তিন আসামিকে ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ