মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে এক শিশু গুলিবিদ্ধ, সড়ক অবরোধ

কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলতে গিয়ে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করেছেন। আহত শিশু তানজিনা আক্তার (১২) হোয়াইক্যং ৩ নং ওয়ার্ডের জসিম উদ্দিনের কন্যা। সে হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, গত ৪ দিন ধরে হোয়াইক্যং সীমান্ত এলাকায় রাখাইন সীমান্ত থেকে গোলাগুলি ও বোমার বিস্ফোরণ চলছে। আজ সকালে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ নিজ বাড়ির ওঠানে খেলার সময় শিশুটির মাথায় গুলি লাগে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হোইয়ক্যাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহজালাল ইত্তেফাক ডিজিটালকে জানান, তানজিনা আক্তার নামের এক শিশুর গুলিবিদ্ধের খবর পেয়েছি। গুলিতে গুরুতর আহত শিশুটি মারা যায়নি তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। এদিকে শিশু তানজিনা গুলিবিদ্ধ হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়ীয়ে পড়লে স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করে পরে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেয় তারা। এ সময় পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এই মুহূর্তে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সীমান্তে চলমান গোলাগুলির কারণে এপারে ছোড়া গুলি এসে শিশু আহত হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ