শ্যামনগরে বৃদ্ধার জমি জবরদখলের পায়তারা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া প্রায় ১ দশমিক ২৩ একর সম্পত্তি জবরদখলের পায়তারার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ৭৭ বছর বয়সী দীপ্তি রানী মন্ডলকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি নিজেই। এ ঘটনায় নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামের বাসিন্দা দীপ্তি রানী মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে ওয়ারেশ সূত্রে পাওয়া প্রায় ১ দশমিক ২৩ একর সম্পত্তি তিনি ও তার পরিবারের সদস্যরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্পত্তির একাংশ বিলান এবং অপর অংশ ভিটাবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নিজের মালিকানার ধারাবাহিকতা তুলে ধরে দীপ্তি রানী মন্ডল বলেন, তার ঠাকুরদাদা (পিতামহ) মৃত যুধিষ্ঠির মন্ডল এসএ খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিলেন। যুধিষ্ঠির মন্ডলের ছেলে ছিলেন কালিপদ মন্ডল। মৃত্যুকালে কালিপদ মন্ডল ছয় কন্যা রেখে যান। ওই ছয় কন্যার একজন দীপ্তি রানী মন্ডল। পরবর্তীতে ওয়ারেশ সূত্রে তিনি ও পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট সম্পত্তির অংশ পান এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।
তবে সম্প্রতি ওই সম্পত্তির একটি অংশ নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন দীপ্তি রানী। তার অভিযোগ, একই এলাকার দুর্গাপদ মন্ডল, তারক মন্ডল, আঃ রহিম গাইন ও রব্বানী গাইনসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার সম্পত্তির কিছু অংশ জবরদখলের পায়তারা করে আসছেন। এ নিয়ে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে দীপ্তি রানী মন্ডল অভিযোগ করে বলেন, গত ৬ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা তার তপশিলভুক্ত সম্পত্তির পাশে গিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ সময় তিনি কথিত দখলচেষ্টায় বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের জন্য তারা উদ্যত হন বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, অভিযুক্তরা তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, যেকোনো সময় তারা তার সম্পত্তি দখল করে নেবেন। তাদের কাজে বাধা দিলে তাকে মারধর করে গুরুতর জখম কিংবা হত্যা করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকিও দেওয়া হয়েছে।
ঘটনার সময় স্থানীয় খলিল গাজী, গোলাম রহমানসহ আরও কয়েকজন বিষয়টি জানেন ও শুনেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন দীপ্তি রানী মন্ডল।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করেছেন। তবে ভবিষ্যতে সম্পত্তি দখল, হামলা কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
৭৭ বছর বয়সী দীপ্তি রানী মন্ডলের দাবি, ওয়ারেশ সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে তিনি যেন কোনো ধরনের হয়রানি বা হামলার শিকার না হন, সে জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কথিত জবরদখলের পায়তারা বন্ধ, সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত দুর্গাপদ মন্ডল, তারক মন্ডল, আঃ রহিম গাইন ও রব্বানী গাইনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

