শ্যামনগরে ২ যুবকের আত্মহত্যা
সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি ঘটনায় সাকিব (১৭) ও সাইদুল ইসলাম (২০) নামে দুই যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার আটুলিয়া ও কাশিমাড়ী ইউনিয়নে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষী গ্রামে নিজ বাড়িতে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আসাদুল্লাহর ছেলে এবং স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সাকিবের মা-বাবা পাশের বাড়িতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তারা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে ঘরের ভেতরে তাকে দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
অন্যদিকে, একই দিন বিকেল ৬টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের বল্লারটোপ গ্রামে সাইদুল ইসলাম (২০) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সামাদ সানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈশবেই সাইদুল ইসলামের মা মারা যান। এরপর থেকে তিনি নানির কাছে বড় হন এবং নানির বাড়িতেই বসবাস করতেন। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন। পারিবারিক হতাশার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে উভয় ঘটনার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

