সুন্দরবনে বনবিভাগের গুলিতে জেলে নিহত, রেঞ্জ অফিসে ভাঙচুর

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় পাটকোস্টা বন অফিসের এসও মোবারক হোসেনের গুলিতে আমিনুর রহমান (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জেলেরা বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় পাঁচজন বনকর্মকর্তা আহত হয়েছেন।

নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।

Left

আহত বনকর্মীরা হলেন তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে আমিনুরসহ চার জেলে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার সকাল ৭টার দিকে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম তাদের থামার সংকেত দেয়। অভিযোগ রয়েছে, নির্দেশনা মানতে দেরি হওয়ায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়।

দুপুর দেড়টার দিকে সহকর্মীরা আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন। এরপর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ঘেরাও করে ভাঙচুর চালায়।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, এ বিষয়ে তাদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছেনি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, বনবিভাগের গুলিতে একজন জেলের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) জানানো হয়েছে।

সুন্দরবন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ