কালিগঞ্জে ঘুমন্ত শিশুকে সাপে কাটল, চিকিৎসার পথে মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলকার (১৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।

শিশুটির বাবা মোশাররফ ঢালী জানান, রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিল তানজিম। রাত ২টার দিকে সাপে কামড় দিলে সে চিৎকার ও কান্না শুরু করে। এতে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে শিশুটির শরীরে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পান তারা। এ সময় বিছানার পাশে একটি বিষধর কালাস সাপও দেখতে পাওয়া যায়।
নিহতের চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিতে কিছুটা দেরিও হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তিনি বলেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে বাড়িতে কিছু প্রাথমিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে কোনোভাবেই সময় নষ্ট না করে দ্রুত রোগীকে চিকিৎসকের কাছে নিতে হবে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, সাপে কামড়ানোর পর চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের কাছ থেকে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শিশুটিকে প্রথমে কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। সেখানে চিকিৎসা না পেয়ে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে হাসপাতালে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

