শ্যামনগরে গাছের ডাল ভাঙতে গিয়ে পুকুরে পড়ে নারীর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে গাছের ডাল ভাঙতে গিয়ে পুকুরে পড়ে লাইলী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম ওই গ্রামের মোঃ মোশারফ হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, লাইলী বেগম নিজ বাড়ির পাশে পুকুরপাড়ে থাকা শিশুফুল গাছে উঠে লগির সাহায্যে গাছের ডাল ভাঙছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পা ফসকে গাছ থেকে পুকুরে পড়ে যান। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

