সাতক্ষীরার শ্যামনগরে পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে তদন্তের দাবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগরে পিকেএসএফ অর্থায়নে বাস্তবায়িত একটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ স্থানীয় ইউনিয়ন সদস্যরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ও আইনি নোটিশ পাঠিয়ে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলমান ‘সাস’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা স্থানীয় চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয় ছাড়াই বিভিন্ন ওয়ার্ডে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগে আরও বলা হয়েছে, অর্থের অপব্যয় ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। পাশাপাশি, দুর্বল ও ঝুঁকিপূর্ণ ১, ২, ৩, ৪, ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের তুলনায় ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বেশি গুরুত্ব দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে, যা স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে।
এদিকে, উল্লেখিত ওয়ার্ডে অন্য একটি এনজিও (ইউএনডিপি) এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প চলমান থাকায় এলাকাজুড়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানের অভিযোগ, প্রকল্পের কার্যক্রম ইউনিয়ন পরিষদের সমন্বয় ছাড়াই পরিচালিত হচ্ছে, যা স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে।
অন্যদিকে, ‘সাস’ সংস্থার শ্যামনগর শাখার প্রকল্প সমন্বয়কারী মুন্সী মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, “আমরা গাইডলাইন বা নীতিমালা অনুযায়ী কাজ করি। এখানে দুর্নীতির কোন সুযোগ নেই। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়ন করছি।”
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আলী আকবর বলেন, “অভিযোগগুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়, যেখানে একই ধরনের অভিযোগ ছিল।
স্থানীয় সচেতন মহল মনে করেন, স্থানীয় সরকারের সাথে সমন্বয় না থাকলে গরীব ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

