এলজি বাংলাদেশের ২০২৬ সালের অ্যাম্বাসেডর মনোনীত গাবুরার সন্তান হাবিবুল্লাহ আল মামুন
শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশের দ্বীপ ইউনিয়ন গাবুরার সন্তান হাবিবুল্লাহ আল মামুন এলজি বাংলাদেশের ২০২৬ সালের অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া প্রায় ১ হাজার ৩০০টি উদ্ভাবনী ও সমাজসচেতন প্রকল্পের মধ্য থেকে এলজির অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে তাঁর “উপকূল অঞ্চলের নিরাপত্তা” প্রকল্পটি ২০২৬ সালের জন্য নির্বাচিত হয়েছে।
এ বছর সারাদেশ থেকে মোট পাঁচজনকে এলজি অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে।

নির্বাচিত “উপকূল অঞ্চলের নিরাপত্তা” প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকার আটটি অসহায় ও দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে মোটরভ্যান প্রদান করা হবে। এর মাধ্যমে পরিবারগুলোর নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পারিবারিক ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে ২০২১ সালে হাবিবুল্লাহ আল মামুন “বাঘ বিধবা স্বাবলম্বী” এবং ২০২৫ সালে “এলজি উপকূলীয় শিক্ষা সহায়তা” প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেন। এসব প্রকল্পের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো বর্তমানে স্বাবলম্বী হয়ে উঠেছে। একই সঙ্গে শিক্ষার্থীরা সহজে ও নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতের সুযোগ পাচ্ছে।
হাবিবুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে এলজি বাংলাদেশের সহযোগিতায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর ধারাবাহিক সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে এলজি অ্যাম্বাসেডর মনোনীত হওয়ায় গাবুরাসহ উপকূলীয় এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

