সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় তিন মাস প্রবেশ নিষিদ্ধ

জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রজনন বৃদ্ধি এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে পশ্চিম সুন্দরবনে আগামী তিন মাসের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় এ সময়ের মধ্যে সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালী, মৌয়ালী এবং পর্যটকরা বনে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে মাইকিং করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং বনাঞ্চলে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

Left

সুন্দরবননির্ভর সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের জেলে আব্দুল হাই, গোলাম হোসেন ও সালামসহ অনেকে জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের জীবিকা সুন্দরবনকে কেন্দ্র করে। টানা তিন মাস বনে প্রবেশ বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়বে। তারা এ সময়ে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) এ জেড এম হাসানুর রহমান জানান, ২০১১ সাল থেকে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। এর ফলে মাছ, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণীর প্রজনন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদের বংশবৃদ্ধি নিশ্চিত হয়।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে প্রায় ৪৬ হাজার জেলে সরকারি রাজস্ব প্রদান করে সুন্দরবনে প্রবেশের অনুমতি নিয়েছেন। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে বননির্ভর মানুষের কষ্টের বিষয়টি বিবেচনায় রেখে তাদের জন্য সহায়তা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট মহলে উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ