শ্যামনগরে র্যাবের অভিযানে বিপুল ভারতীয় ওষুধ-মাদক জব্দ, আটক এক
সাতক্ষীরার শ্যামনগরে র্যাব-৬-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় নুরুজ্জামান গাজী (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় মূল হোতা পালিয়ে গেছে।
আটক নুরুজ্জামান গাজী শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জায়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদের নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার সুন্দরবনসংলগ্ন পার্শ্বেখালী এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ছাপড়া ঘরের ভেতর থেকে ১৫ বস্তা ভর্তি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নিষিদ্ধ ওষুধ ও মাদক জব্দ করা হয়।
জব্দকৃত ওষুধ ও মাদকের মধ্যে রয়েছে— Dobucard, Adrenor, Cemik-Z, Azoran, Ciprofetepdadine Hydrochloride, Zuvimide, Tepexiod, Glycise, Ampules(Sterile), Vitarche Gloss Hair Serum, Gomela Cream, Esod, Winmax, Nitomy এবং Pregakem এছাড়া Titifac(Tube) Blue পণ্যও জব্দ করা হয়েছে।
অভিযান শেষে জব্দ করা মালামাল ও আটক চোরাকারবারিকে শ্যামনগর থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

