শ্যামনগরে দৈনিক আশার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দৈনিক আশা পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আশার শ্যামনগর উপজেলা প্রতিনিধি জি এম ইয়াসিন আরাফাত।
এ সময় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দৈনিক আশা পত্রিকা এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ভবিষ্যতেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার পথে অবিচল থেকে দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, স্থানীয় সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়; বরং তথ্যের সত্যতা যাচাই করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।
আলোচনা পর্ব শেষে কেক কেটে দৈনিক আশার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি উপস্থিত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

