সুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
মোঃ ইসমাইল হোসেন:শ্যামনগর
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওয়াতাধীন কোবাতক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১টি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার (১৩ জুন) সকালে মাছ ধরার সময় কচ্ছপটি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আব্দুল সাত্তার নামের ১ জেলের জালে আটকা পড়ে। যার আনুমানিক ওজন ১০ কেজি। খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কচ্ছপটি দেখতে স্থানীয়ভাবে পরিচিত সাধারণ কচ্ছপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আকৃতির হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। কচ্ছপটির গায়ের রঙ, খোলসের গঠন ও শারীরিক বৈশিষ্ট্য অন্য কচ্ছপের চেয়ে আলাদা হওয়ায় এটিকে বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জেলেরা জানান, কোবাতক নদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরলেও এমন কচ্ছপ আগে কখনো তাদের জালে ধরা পড়েনি। স্থানীয়দের অনেকেই কচ্ছপটি দেখতে ভিড় করেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, কচ্ছপ টি হকসবিল সামুদ্রিক কচ্ছপ। কচ্ছপ টি জেলের কাছ থেকে উদ্ধার করে কলাগাছিয়া ইকো ট্যুরিজ সেন্টারে রাখা হয়েছে। সামুদ্রিক কচ্ছপ হওয়ায় এখানে অবমুক্ত করলে সে বাঁচবে না। পরবর্তীতে মান্দারবাড়ী সমুদ্র অবমুক্ত করা হবে। মান্দার বাড়ি অনেক দূরে হওয়ায় এখনই অবমুক্ত করা সম্ভব হচ্ছে না।

