শ্যামনগরে বাড়ি থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় বুড়িগোয়ালিনী গ্রামে মুক্তার হোসেনের বাড়ি থেকে একটি বৃহৎ অজগর সাপ উদ্ধার করেছেন বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা।
বুধবার সকাল ৮টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দীনের নেতৃত্বে বনকর্মীরা বাড়ির পরিত্যক্ত একটি ছাপড়া ঘর থেকে সাপটি উদ্ধার করেন। উদ্ধারকৃত অজগর সাপটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন প্রায় ৪২ কেজি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, বাড়ির মালিকের কাছ থেকে সংবাদ পেয়ে সাপটি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনের কলাগাছিয়া বন অফিস এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, খাবারের সন্ধানে অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে প্রবেশ করে থাকতে পারে।

