ভোমরা সীমান্তে অস্ত্রের চালান, র‌্যাবের অভিযানে চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাপথে দেশে আসা অস্ত্রের একটি চালানসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের চৌবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আরিফুল ইসলাম ওই এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।

Left

র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. জাইন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে অস্ত্রের চালানসহ আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি ভারত থেকে চোরাপথে সীমান্ত পার হয়ে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অস্ত্রের এ ধরনের অবৈধ চালান দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে উদ্ধার করা অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আরিফুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ওই কর্মকর্তা।

প্রশ্ন উঠছে, সীমান্তের কড়াকড়ি নিরাপত্তার মধ্যেও কীভাবে অস্ত্রের এমন চালান চোরাপথে ভোমরা সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে? কারা এই অস্ত্রের মূল সরবরাহকারী এবং দেশের ভেতরে এর ক্রেতা বা ব্যবহারকারীরাই বা কারা—এসব বিষয় খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ