শ্যামনগরে মসজিদের পুকুর দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি বাইতুল মামুর জামে মসজিদের রেকর্ডভুক্ত ও দীর্ঘদিনের ভোগদখলীয় পুকুর জোরপূর্বক দখলের চেষ্টা, মিথ্যা মামলা এবং মারপিটের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে দুপুর আড়াইটার দিকে মসজিদের সামনে মসজিদ কমিটি, সাধারণ মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মসজিদের নামে ১০৮ দাগে ১৬ শতক জমি রয়েছে এবং এর স্বপক্ষে প্রয়োজনীয় দলিল ও রেকর্ড বিদ্যমান। দীর্ঘদিন ধরে মসজিদ কমিটি পুকুরটি ভোগদখল করে আসলেও সম্প্রতি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী গাজী ও তার পুত্র পুলিশ সদস্য মেহেদী হাসানসহ কয়েকজন ব্যক্তি পুকুরটি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। তারা বিভিন্ন সময়ে মিথ্যা মামলা এবং মারপিটের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানানো হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, মেহেদী হাসান অতীতে আওয়ামী লীগের প্রত্যয়ন নিয়ে পুলিশে চাকরি লাভ করেছিলেন। বর্তমানে তিনি নিজেকে বিএনপির সাবেক নেতার সন্তান পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও দাবি করেন তারা। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ কমিটির সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, জমিদাতা মো. সামছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান (মাফু), অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ আব্দুল জব্বারসহ স্থানীয় মুসল্লিরা।
মসজিদ কমিটির সহ-সভাপতি আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, “আমার পিতা মরহুম মুনছুর আলী গাজী গ্রাম সরকার ছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করতেন। আমরাই প্রকৃত জিয়ার সৈনিক ও বিএনপির কর্মী। রাজনৈতিক ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করতে হবে। আল্লাহর ঘরের কোনো সম্পত্তি দখল করতে দেওয়া হবে না।”

