শ্যামনগরে মাধ্যমিক স্কুল পরিচালনা কমিটিতে আওয়ামী লীগ নেতাদের অন্তর্ভুক্তির অভিযোগ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে মাধ্যমিক স্কুল পরিচালনা কমিটিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। উপজেলার গাবুরা জি.এল.এম মাধ্যমিক বিদ্যালয়ে সদ্য গঠিত চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটিতে আওয়ামী লীগ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশ ও আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৬ জুন ২০২৬ তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিনুর রহমান লিংকনের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বোর্ড ওই কমিটির অনুমোদন দেয়। কমিটিতে সাবেক এএসপি মীর রেজাউল হোসেনকে সভাপতি করা হয়েছে। তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে স্থানীয়দের দাবি। তাঁর ভাই মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া কমিটিতে ইমাম হাসানকে অভিভাবক সদস্য মনোনীত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইমাম হাসান বর্তমানে নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিনুর রহমান লিংকনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

