কালিগঞ্জে জেলি মিশ্রিত বাগদা চিংড়ি জব্দ: এক নারীকে ২০ হাজার টাকা জরিমানা
কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে বাগদা চিংড়িতে ক্ষতিকর দ্রব্য পুশ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ১ মন বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয় এবং অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। অভিযানে কালিকাপুর গ্রামের সাদেক আলীর স্ত্রী নাজমা পারভীন কর্তৃক চিংড়িতে ক্ষতিকর পদার্থ মেশানোর প্রমাণ পাওয়া যায়।
পরে তার বাড়ি থেকে উদ্ধার করা পুশকৃত ৪০ কেজি বাগদা ধ্বংস করা হয় এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অপরাধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনায় একাধিক অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

