এবার জৈন্তাপুর থেকেও উদ্ধার লুট করা সাদাপাথর
সাদা পাথর উদ্ধারে চলছে সাঁড়াশি অভিযান। প্রতিদিনই উদ্ধার হচ্ছে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া সাদাপাথর । কখনো মাটির নিচ থেকে, কখনো বালুর নিচ থেকে উদ্ধার হচ্ছে। কখনো নদী থেকে কখনো ক্রাশার মেশিনের আশাপাশ থেকে। তারই ধারবাহিকতায় এবার জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৫ হাজার ঘনফুট সাদাপাথর। শনিবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া অভিযানে পাথরগুলো উদ্ধার করা হয়।উদ্ধার কাজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী ও জৈন্তাপুর থানা পুলিশ। তাদের নেতৃত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। তিনি জানান, মোট সাড়ে ৫ (পাঁচ) হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বাঘেরখাল এলাকা থেকে। পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপনের প্রক্রিয়া আমরা শুরু করেছি।তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। সম্প্রতি সাদাপাথর থেকে লুট হওয়া পাথরের মধ্যে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪ লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ভাঙা হয়নি, এমন সাদাপাথর পর্যটনকেন্দ্রে উচ্চ আদালতের নির্দেশে প্রতিস্থাপন করা হচ্ছে।

