সাতক্ষীরার শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
সাতক্ষীরার শ্যামনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বেকারিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) শ্যামনগর বাজার ও নুরনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় শ্যামনগর বাজারের নিউ সুন্দরবন বেকারি (প্রোপ্রাইটর: বিজয় কৃষ্ণ সাহা)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধারায় শ্যামনগর বাজারের রয়েল ফুডস বেকারি (প্রোপ্রাইটর: মাকসুদুর রহমান)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নুরনগর বাজারের সোনার বাংলা বেকারি (প্রোপ্রাইটর: নিশিকান্ত)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে রয়েল ফুডস বেকারি ও সোনার বাংলা বেকারিতে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

