শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলার অভিযোগেও উত্তেজনা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বজন ও এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার এবং রোগীর প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ১৫ জুলাই ২০২৬ (বুধবার) এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওইদিন জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন মেডিকেল অফিসার ডা. ইন্দ্রজিৎ জোয়াদ্দার। এ সময় চিকিৎসা নিতে আসা এক মুমূর্ষু রোগীর স্বজনদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চিকিৎসক রোগীর স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

Left

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিক ইয়াসিন আরাফাত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোগীর স্বজনদের অনুরোধে তিনি পরিস্থিতি শান্ত করার জন্য মধ্যস্থতার চেষ্টা করেন এবং চিকিৎসককে সংযত আচরণ ও রোগীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান।

অভিযোগ রয়েছে, এতে চিকিৎসক আরও ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের উপস্থিতিতেই রোগীর চিকিৎসার জন্য লেখা প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলেন। এছাড়া তিনি আপত্তিকর ভাষায় কথা বলেন বলেও অভিযোগ করেন উপস্থিত ব্যক্তিরা। এ ঘটনায় জরুরি বিভাগে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, একজন সরকারি চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। তাদের ভাষ্য, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে যদি রোগী ও স্বজনদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে এবং তারা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে উৎসাহিত হবেন।

ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. ইন্দ্রজিৎ জোয়াদ্দার বা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ