শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে যুবকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে মাসুম আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম আলী বংশীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হলেও তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে বাড়িতেই থাকতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সে বাড়ির পাশের গ্রামিনের মোবাইল টাওয়ারে ওঠেন। পরে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, কোন অভিযোগ না থাকায় পারিবারিকভাবে মরদেহ দাফন করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

