প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই

প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ এবং শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে বিষয়টি নাকচ করা হয়েছিল।

Left

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে তাঁর দীর্ঘ অবদান ও নেতৃত্বের জন্য তিনি দেশের অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ