শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে নাহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাবুরা ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ ইসলাম ওই গ্রামের আলম গাজীর ছেলে। ঘটনার সময় সে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করলে কিছু সময় পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

