সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে রমজাননগরে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি সরকারি রাস্তা বন্ধ এবং রাস্তার ইট অপসারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এ মানববন্ধনে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রায় ৩০টি পরিবারের সদস্যরা অংশ নেন। বক্তারা জানান, প্রায় ৩০ বছর ধরে এলাকাবাসীর চলাচলের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসা রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, রমজাননগর ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি নাহিনুর বেগমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকাবাসী বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি তার নির্দেশে রাস্তার ইট সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে বলে তারা দাবি করেন। এর ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, মো. হাফিজুর রহমান (কবির) (৪৮), পিতা—আবুল পাড়, নাহিনুর বেগম এবং তার ছেলে মেহেদী হাসান সায়েমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় এসে ভয়ভীতি প্রদর্শন করেন এবং রাস্তার ইট অপসারণ করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তারা দ্রুত রাস্তা পুনর্নির্মাণ, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

