শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ১৪ জুন রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বড় হোগল ডোরা খালের উত্তর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাচালানকারীরা ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মাদক ও ঔষধ বিক্রির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়।

অভিযানকালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থলে থাকা মাদক ও ঔষধ ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও ঔষধের মধ্যে রয়েছে Win Cerex Cough Syrup, Fairdyl, Gomela Cream, Cetirizine Hydrochloride Tablets, Dexamethasone Tablets, Cyproheptadine Hydrochloride Tablets, Melanocyl Tablets, K-Bind Powder, Zuvimide, Duvodilun, Cycloxan, Thalix 50mg, Urotone 25mg, Desmopressin Acetate Tablets, Tenvir, Ing Setrol 60mg ও Milicor 10mg। উদ্ধারকৃত মাদক ও ঔষধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকারও বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে অংশগ্রহণকারী কোস্ট গার্ড সদস্যরা উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করেন এবং উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। পরবর্তীতে পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে মাদক ও নিষিদ্ধ ওষুধ বাংলাদেশে এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী ও সুন্দরবন সংলগ্ন এলাকায় চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

