অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১০ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান চালিয়ে জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

Left

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতরা সাতক্ষীরা জেলার কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গত ৯ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী বিশেষ অভিযান পরিচালনা করে তিন ডাকাতকে আটক করে।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টায় হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তারা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে তাদের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ