শ্যামনগরে পাচারকালে ৭৭ বস্তা ঝিনুকসহ চোরাকারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণ করা ঝিনুক পাচারের সময় ৭৭ বস্তা ঝিনুকসহ রিপন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা। অভিযান পরিচালনা করেন বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) মো. এরফান উদ্দীন।

অভিযানকালে বনকর্মীরা ৭৭ বস্তা ঝিনুক বোঝাই একটি পিকআপ জব্দ করেন। আটক রিপন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মৃত মৌজে আলমের ছেলে বলে বন বিভাগ জানিয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণ করা ঝিনুক পাচারের সময় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে মালামালসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।”
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনজ সম্পদ অবৈধ আহরণ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

