শ্যামনগরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মফিজুল ইসলাম দাবি করেন, সম্প্রতি যুবদল নেতা মো. আনারুল ইসলাম (আঙ্গুর)-এর বিরুদ্ধে সাংবাদিকদের সামনে মো. রফিকুল ইসলাম মোড়ল যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ধরনের অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।

Left

তিনি বলেন, তালবাড়িয়া মৌজার এসএ খতিয়ান নং-০৩ ও ৩/১ এবং দাগ নং-৫৮১, ৫৮২, ৫৮৪ ও ৫৯১-এর মোট ১২ দশমিক ৮৩ একর জমি তার রেকর্ডীয় সম্পত্তি। এ জমি দখলের চেষ্টা হলে তিনি হাইকোর্টে ৪৩৪২ ও ৪৩৬৯ নম্বর রিট পিটিশন দায়ের করেন এবং আদালতের আদেশে সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিতসহ আইনগত সুরক্ষা লাভ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ রফিকুল ইসলাম ও তার সহযোগীরা তার দখলীয় সম্পত্তিতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুস্থ হওয়ার পর তিনি থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

মফিজুল ইসলাম বলেন, জামিনে মুক্ত হওয়ার পর রফিকুল ইসলাম পুনরায় তাকে হুমকি দিচ্ছেন এবং মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। একই সঙ্গে যুবদল নেতা আনারুল ইসলাম (আঙ্গুর)-এর বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে ওই নেতার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন।

তিনি জানান, বর্তমানে তিনি তার বৈধ সম্পত্তিতে মৎস্য ঘের পরিচালনা করছেন। তবে প্রতিপক্ষের হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনগত সহায়তা কামনা করেন।

এছাড়া, গত ২৯ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে তা প্রত্যাহার এবং প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানান। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশের আহ্বান জানান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ