শ্যামনগরে এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তার সংসদ সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এবং তিনি নিজেও বিষয়টি স্বীকার করেছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করেছে। তবে শুধু দলীয় বহিষ্কার নয়, তাকে জাতীয় সংসদের সদস্য পদ থেকেও অপসারণের দাবি জানান তারা।
মানববন্ধনে আলেমদের পক্ষে বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি বলেন, “একজন দাড়ি-টুপি পরিহিত ব্যক্তি এবং জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তার কর্মকাণ্ডের কারণে শুধু শ্যামনগরের মানুষ নয়, বরং দেশের আলেম-ওলামা ও তৌহিদী জনতার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করছি, দলীয় পর্যায় থেকে যেন তার সংসদ সদস্য পদ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও সিসিটিভি ফুটেজের কারণে শ্যামনগরের মানুষ বিব্রত ও লজ্জিত। তাদের দাবি, নৈতিক স্খলনের মতো অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে থাকার নৈতিক অধিকার রাখেন না।
এ সময় তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে বলেন, “আপনার মধ্যে যদি সামান্যতম অনুশোচনা ও লজ্জাবোধ থাকে, তাহলে অনতিবিলম্বে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে শ্যামনগরের মানুষকে এই কলঙ্ক থেকে মুক্ত করুন।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ, হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামা ও সর্বস্তরের সাধারণ মানুষ।
মানববন্ধন শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

